বান্দরবানে রাবার ব্যবসায়ীর কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

মোঃ শামীম হোসেন সিকদার:

বান্দরবান সদর উপজেলায় এক রাবার ব্যবসায়ীর কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী গান্ধী তঞ্চঙ্গ্যা বান্দরবান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুর্জয় তঞ্চঙ্গ্যা সদর উপজেলার ২ নম্বর কুহালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বালাঘাটা বাগিছড়া এলাকায় রাবারবোঝাই একটি ট্রাক (চট্টমেট্রো-ট ১১-৩৪৬৭) লোড করার সময় কয়েকজন ব্যক্তি এসে গাড়িটি আটকে দেন। এ সময় ইমরান নামে এক ব্যক্তি ও তাঁর সহযোগীরা ট্রাকের চালক ও মালিকের কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে দুর্জয় তঞ্চঙ্গ্যা বিষয়টি মুঠোফোনে তাঁর বাবা গান্ধী তঞ্চঙ্গ্যাকে জানান। খবর পেয়ে তিনি দ্রুত বান্দরবান সদর থানায় বিষয়টি অবহিত করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, চাঁদা না পেয়ে বালাঘাটা বাজারের স্থানীয় বিএনপি নেতা আবু তাহের ও তাঁর ছোট ভাই মো. ইমরান অভিযোগকারীদের ওপর হামলা চালান। এ সময় তাঁদের এলোপাতাড়ি মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।

পুলিশের বক্তব্য

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *