শিবগঞ্জে বালুতে পুঁতে রাখা সেই শিশুর ঠাঁই হলো রাজশাহীর ছোটমনি নিবাসে

মোঃ মাহমুদুল হাসান:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর ভেতরে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া সেই নবজাতক কন্যাশিশুর ঠাঁই হয়েছে রাজশাহীর বোয়ালিয়ায় অবস্থিত ছোটমনি নিবাসে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে শিশুটিকে আনুষ্ঠানিকভাবে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত রাজশাহীর বোয়ালিয়াস্থ ছোটমনি নিবাসের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নুরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম জানান, মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে স্থানীয়দের সহায়তায় জালমাছমারী এলাকার একটি আমবাগান থেকে বালুর মধ্যে লুঙ্গিতে মোড়ানো ও পুঁতে রাখা অবস্থায় নবজাতক কন্যাশিশুটিকে উদ্ধার করেন ওই এলাকার বাসিন্দা গোলাপ হোসেন।

খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে শিশুটিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটি সুস্থ রয়েছে বলে নিশ্চিত করেন।

পরে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত রাজশাহীর বোয়ালিয়াস্থ ছোটমনি নিবাসে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *