মোঃ ইমরান মুন্সি:
ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বজন ও সমর্থকদের বিরুদ্ধে। এ সময় পুলিশের সরকারি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া ওই নেতার নাম মো. সিরাজ মোল্লা। তিনি দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তিন ভাইসহ স্বজন ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
একপর্যায়ে হামলাকারীরা পুলিশের সরকারি পিকআপ ভ্যান ভাঙচুর করেন এবং হাতকড়াসহ সিরাজ মোল্লাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর দপদপিয়া ফেরিঘাট ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ জানান, অভিযান চালিয়ে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু তাঁর স্বজন ও সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেন এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেন। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।