সড়কের নৈরাজ্য বন্ধে ফিটনেসবিহীন গাড়ি ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে’ : বাদরু

 

স্টাফ রিপোর্টার:

রাজধানীর সড়কে ভাঙাচোরা, ফিটনেসবিহীন বাস আর লাইসেন্সবিহীন চালকের দাপটে যে অরাজকতা চলছে, তার অবসান চেয়েছেন বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা খোন্দকার মোঃ মোরতাজুল করিম (বাদরু)। তিনি বলেছেন, সড়কের নৈরাজ্য বন্ধ করতে হলে ফিটনেসবিহীন গাড়ি ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

আগুন-সন্ত্রাস ও পরিবহন খাতের নৈরাজ্যের প্রতিবাদে এবং বাস চালককে পুড়িয়ে হত্যার ঘটনায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
‘এসব বাস কি রাজধানীর সড়কে চলতে পারে?’

বক্তব্যের শুরুতে উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান বাদরু। প্রেসক্লাবের সামনে দিয়ে চলাচলকারী বাসগুলোর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এসব বাসের কোনোটির রং নেই, কোনোটির কাচ নেই, ফিটনেস নেই, আসনও নেই। চালকদের অনেকের বৈধ লাইসেন্স আছে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। এমন যান রাজধানীর সড়কে চলতে পারে না।

তাঁর অভিযোগ, বিগত ১৭ বছরে পরিবহন খাতে লুটপাট ও নৈরাজ্য কায়েম হয়েছে। চালকদের নির্দিষ্ট বেতন নেই; মালিকেরা কালেকশনের ভিত্তিতে টাকা দেন। হেলপারদের নেই কোনো পরিচয়পত্র। যাত্রী তোলার অসুস্থ প্রতিযোগিতায় বাসে বাসে ধাক্কাধাক্কি হচ্ছে, আর প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের।

সংগঠনের দাবি ও লক্ষ্য
বাদরু বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে চালকদের বৈধ লাইসেন্স থাকতে হবে, প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং পরীক্ষার মাধ্যমে চালক নিয়োগ দিতে হবে। একই সঙ্গে হেলপারদের পরিচয়পত্র ও সবার জন্য নির্দিষ্ট বেতন নিশ্চিত করা জরুরি।

বাদরু অভিযোগ করেন, পতিত আওয়ামী লীগ ও তার দোসররা বিভিন্ন বাস টার্মিনালে এখনো সক্রিয়। গত আগস্টের পর পরিবহন খাত থেকে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, আগুন-সন্ত্রাস ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার সঙ্গে পরিবহন খাতের একাংশ জড়িত।

প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ যেমন নিষিদ্ধ, তেমনি পরিবহন খাতে ফ্যাসিস্টদের নিয়ন্ত্রিত সংগঠনও নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি টার্মিনালে নৈরাজ্য সৃষ্টিকারী চাঁদাবাজ এবং ভাঙাচোরা, ফিটনেসবিহীন গাড়ি চালানো মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। তবেই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নির্বিঘ্ন থাকবে বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকারকে জনগণের ভোটে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকার আখ্যা দিয়ে বাদরু বলেন, এটি অতীতের মতো ভোটারবিহীন বা পুলিশ দিয়ে সাজানো নির্বাচনের সরকার নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরলস পরিশ্রমের প্রশংসা করে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে এবং অর্থনৈতিক উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন।

আন্দোলন-সংগ্রামে হাজার হাজার নেতাকর্মীর ত্যাগ এবং জিয়া পরিবারের ওপর নির্যাতনের কথা স্মরণ করে তিনি বলেন, সেই জুলুমের অবসান ঘটিয়েই আজ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

ফেডারেশনের সাংগঠনিক অবস্থান তুলে ধরে বাদরু বলেন, সংগঠনের নেতৃবৃন্দের প্রত্যেকেই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। নাজমুদ্দিন আলমের নেতৃত্বে নেতা-কর্মীরা অতীতেও বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় তাঁরা সক্রিয় থাকবেন। তিনি বলেন, এখানে কোনো ষড়যন্ত্র করে লাভ নেই।
তাঁর ভাষ্য, সংগঠনের লক্ষ্য কেবল শ্রমিকের অধিকার আদায় নয়; চালক, হেলপার, মালিক, টার্মিনাল শ্রমিক ও যাত্রীসহ পরিবহন খাতের সব অংশীজনের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে একটি আধুনিক, নিরাপদ ও জবাবদিহিমূলক পরিবহনব্যবস্থা গড়ে তোলাই তাঁদের প্রত্যাশা।

বক্তব্যের শেষ দিকে বাদরু বলেন, পরিবহন খাতকে বিশৃঙ্খলামুক্ত করতে বিচ্ছিন্ন উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন সমন্বিত পরিকল্পনা, কার্যকর আইন প্রয়োগ এবং সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা। তিনি আধুনিক ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি দিয়ে জানান, এতে চালক, হেলপার ও টার্মিনাল শ্রমিকদের বেতন নিশ্চিত করা হবে, মালিকদের পরিচয় থাকবে এবং ফিটনেসবিহীন কোনো গাড়ি সড়কে চলতে পারবে না। পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্ট লাখো মানুষের প্রত্যেকের থাকবে কিউআর কোড।
চালকদের ন্যায্য বেতন, শ্রমিকদের পেশাগত মর্যাদা, যানবাহনের ফিটনেস ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা গেলে সড়কে কাঙ্ক্ষিত শৃঙ্খলা ফিরে আসবে বলে মত দেন তিনি। বক্তব্য শেষে সংগঠনের নেতৃবৃন্দ ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ঐক্য ও কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান বাদরু।

উল্লেখ্য, সর্বশেষে তিনি ফেডারেশন, বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে স্লোগান দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *