মোঃআনজার শাহ
মাদকমুক্ত সমাজ, সুস্থ প্রজন্ম ও মানবিক বাংলাদেশ গঠনে খেলাধুলাকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি। তাঁদের মতে, খেলাধুলা কেবল বিনোদন কিংবা জয়-পরাজয়ের প্রতিযোগিতা নয়; বরং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা, সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, পারিবারিক বন্ধন সুদৃঢ় এবং একটি সুস্থ ও মানবিক সমাজ বিনির্মাণের অন্যতম কার্যকর মাধ্যম।
শুক্রবার (১৩ নভেম্বর) কুমিল্লার বরুড়ার তলাগ্রাম তারিণীচরণ লাহা উচ্চবিদ্যালয় মাঠে এ কে এম আবু তাহের আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তাঁরা এসব কথা বলেন।
৫০৩ উপজেলায় স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বলেন, আজকের এই আয়োজন প্রমাণ করেছে, কুমিল্লার মানুষ খেলাধুলার প্রতি কতটা অনুরাগী। বরুড়ার মাঠে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং জেলার সংসদ সদস্যদের একসঙ্গে ফাইনাল খেলা উপভোগ করা সত্যিই প্রশংসনীয়। এ জন্য তিনি উপস্থিত সংসদ সদস্য, জনপ্রতিনিধি, আয়োজক, ক্রীড়াপ্রেমী দর্শক এবং ফাইনালে অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।
তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে আমরা সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাই। পারিবারিক ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে চাই। আমাদের আগামী প্রজন্ম যেন সুস্থ, সুন্দর ও নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে, সে জন্য তৃণমূল পর্যায় থেকে খেলাধুলার প্রসার ঘটাতে হবে। তরুণদের মাদকমুক্ত রাখতে হলে তাদের হাতে মাদকের পরিবর্তে খেলার বল তুলে দিতে হবে, মাঠমুখী করতে হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের ৫০৩টি উপজেলায় এসব স্টেডিয়াম গড়ে তোলা হবে। বরুড়ার মানুষের জন্যও সুখবর রয়েছে। এ উপজেলায় খুব শিগগিরই একটি উপজেলা স্টেডিয়াম প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়েরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।
খেলাধুলাকে বছরব্যাপী চলমান রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শুধু বছরে একবার টুর্নামেন্ট আয়োজন করলে চলবে না। ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিসসহ বিভিন্ন ধরনের খেলাধুলা সারা বছর চালু রাখতে হবে। জাতীয় পর্যায়ের পাশাপাশি স্কুল, কলেজ ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যদেরও তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ যত বাড়বে, তরুণদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতির চর্চাও তত বিস্তৃত হবে। এর মধ্য দিয়ে সত্যিকার অর্থেই একটি সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব।
আগামী দিনের বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরে আমিনুল হক বলেন, আমাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে দল-মতনির্বিশেষে সবাই জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকবে। সবার আগে বাংলাদেশ—এই চেতনাকে ধারণ করে একটি সমৃদ্ধশালী, মানবিক ও সম্প্রীতির রাষ্ট্র গড়ে তুলতে হবে।
দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বিদ্যমান ক্রীড়া স্থাপনাগুলো পর্যায়ক্রমে আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব কাজ সম্পন্ন হওয়ার পর বিকেএসপির আদলে আরও একটি ক্রীড়া প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
প্রতিবছর হবে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট: গণপূর্তমন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি বলেন, ব্যস্ততার মধ্যেও ক্রীড়া প্রতিমন্ত্রী বরুড়ায় এসে সময় দিয়েছেন, এ জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্য, জনপ্রতিনিধি, জেলা পরিষদের প্রশাসক, চেয়ারম্যান, প্রশাসনের কর্মকর্তা এবং বরুড়ার সর্বস্তরের মানুষের প্রতিও তিনি ধন্যবাদ জানান।
টুর্নামেন্টের সফল আয়োজনের প্রশংসা করে মন্ত্রী বলেন, আয়োজক কমিটির সদস্যরা গত প্রায় এক মাস ধরে নিরলস পরিশ্রম করে এ সুন্দর প্রতিযোগিতার আয়োজন করেছেন। কুমিল্লার বিভিন্ন এলাকার অংশগ্রহণকারী দলগুলো মাঠে চমৎকার ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেছে। ফাইনাল খেলায় দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স দেখে আমরা সবাই আনন্দিত। এমন সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন বরুড়ার ক্রীড়াঙ্গনের জন্য গর্বের বিষয়।
তিনি বলেন, ইনশাআল্লাহ, এ কে এম আবু তাহের আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট প্রতিবছর আয়োজনের চেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি আন্তঃকলেজ ও আন্তঃইউনিয়ন পর্যায়ে সারা বছর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদক দূর করতে হবে। সুন্দর সংস্কৃতি ও সুস্থ বিনোদনের চর্চা বাড়িয়ে সমাজকে আরও উন্নত করতে হবে।
ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাকারিয়া তাহের সুমন বলেন, বরুড়ায় বিকেএসপির আদলে একটি ক্রীড়া প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠার বিষয়ে তাঁর কাছে প্রত্যাশা জানানো হয়েছিল। এ বিষয়ে প্রতিমন্ত্রীর সহযোগিতা ও ইতিবাচক মনোভাব আমাদের আশাবাদী করেছে। আমরা চাই, বরুড়ার প্রতিভাবান খেলোয়াড়েরা নিজ এলাকায় থেকেই উন্নত প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ পাক।
স্থানীয় পর্যায়ে ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির চেষ্টা করা হবে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে মাঠ রয়েছে, সেগুলোকে আরও উন্নত ও খেলাধুলার উপযোগী করে গড়ে তুলতে হবে। একটি ভালো উপজেলা গড়ে তুলতে হলে শুধু অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়; পাশাপাশি সুস্থ বিনোদন, ক্রীড়াচর্চা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পরিবেশও নিশ্চিত করতে হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দল, খেলোয়াড়, আয়োজক কমিটি ও উপস্থিত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বরুড়ার ক্রীড়াঙ্গনের উন্নয়নে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
দুই মন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে, আগামী প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করে সুস্থ, সুশৃঙ্খল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ক্রীড়াচর্চার বিস্তার ঘটাতে পারলে নতুন প্রজন্মের সামনে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার। বরুড়ার এ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট সেই প্রত্যাশা বাস্তবায়নের পথে একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।