আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মসজিদ নেই, ভোগান্তিতে ব্যবসায়ী-জেলেরা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গুরুত্বপূর্ণ মৎস্য বাণিজ্যকেন্দ্র আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে দীর্ঘদিনেও নির্মিত হয়নি কোনো স্থায়ী মসজিদ। ফলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ী, আড়তদার, জেলে, শ্রমিক ও দূরদূরান্ত থেকে মাছ কিনতে আসা পাইকাররা। এ অবস্থায় দ্রুত একটি মসজিদ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

প্রতিদিন আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে শত শত মানুষের সমাগম ঘটে। এখানে কোটি টাকার মাছ কেনাবেচা হলেও ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজ আদায়ের জন্য নেই পর্যাপ্ত স্থায়ী ব্যবস্থা। ব্যবসা-বাণিজ্যের ব্যস্ততার কারণে অনেকেই সময়মতো কাছাকাছি মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করতে পারেন না। এতে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে সংশ্লিষ্টদের।

মৎস্য ব্যবসায়ী জাফর বলেন, “আমরা মুসলমান। পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে মসজিদ না থাকায় সব সময় জামাতে নামাজ আদায় করতে পারি না। একটি মসজিদ নির্মাণ করা হলে ব্যবসায়ী ছাড়াও দূরদূরান্ত থেকে আসা পাইকাররা উপকৃত হবেন।”

আরেক ব্যবসায়ী আতিকুর রহমান মিলন বলেন, “আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে একটি মসজিদ অত্যন্ত জরুরি। প্রতিদিন এখানে অসংখ্য মানুষের সমাগম হয়। অথচ নামাজ আদায়ের জন্য উপযুক্ত স্থায়ী ব্যবস্থা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত এ বিষয়ে নজর দেওয়া প্রয়োজন।”

মৎস্য ব্যবসায়ী জলিল ঘরামী বলেন, “মসজিদ দূরে থাকায় অনেক সময় জামাতে নামাজ আদায় করা সম্ভব হয় না। এখানে একটি মসজিদ নির্মাণ করা হলে ব্যবসায়ী, জেলে, শ্রমিক ও পাইকারসহ সবাই একই স্থানে জামাতে নামাজ আদায় করতে পারবেন।”

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র উপকূলীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্য পরিচালিত হলেও তাদের ধর্মীয় প্রয়োজনের বিষয়টি দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছে।

তাদের প্রশ্ন, কোটি টাকার মাছের বাণিজ্য পরিচালিত হলেও এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ এখনো নেওয়া হয়নি কেন?

ব্যবসায়ী, জেলে, শ্রমিক ও পাইকারদের ধর্মীয় সুবিধার কথা বিবেচনা করে দ্রুত মসজিদ নির্মাণের জন্য জায়গা বরাদ্দ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন, মৎস্য বিভাগ ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *