মাদক সেবনের ভিডিও ধারণ করায় বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার

মোঃ মশিউর রহমান:

টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণ করতে গিয়ে স্থানীয় লোকজনের হামলা ও হেনস্তার শিকার হয়েছেন চার সাংবাদিক। পরে বিএনপির এক নেতার করা চাঁদাবাজির মামলায় তাঁদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে গ্রেপ্তার সাংবাদিকদের হাতকড়া পরিয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—এনটিভি ডিজিটালের সখীপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান, স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির এবং সুজনের সহকারী সানিম মিয়া।

এ ঘটনায় মামলার বাদী বিএনপি নেতা হওয়ায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। শনিবার সকালে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু বাদী হয়ে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন।

গ্রেপ্তার সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় ওই চার সাংবাদিক দেওবাড়ী বাজারে ধর্ষণের অভিযোগে এক নারীকে সালিশের মাধ্যমে মীমাংসার খবর সংগ্রহ করতে যান। তাঁদের দাবি, স্থানীয় মাতবরদের সহযোগিতায় ২ লাখ ৮০ হাজার টাকায় ওই ঘটনার মীমাংসা করা হয়। এর মধ্যে দুই লাখ টাকা ওই নারী এবং ৮০ হাজার টাকা মাতবররা নেন বলে তাঁরা জানতে পারেন।

এ সময় স্থানীয় এক মাতবর সাংবাদিকদের জানান, পাশের একটি বাড়িতে মাদক সেবন চলছে। পরে সাংবাদিকরা সেখানে গিয়ে চারজনকে গাঁজা সেবন করতে দেখে ভিডিও ধারণ করেন বলে তাঁদের পরিবারের সদস্যরা জানান।

তাঁদের অভিযোগ, বাড়ির মালিকের স্ত্রী স্থানীয় যুবদল নেতা জাহিদকে ফোন করেন। পরে জাহিদ সাংবাদিকদের বাজারে নিয়ে যান এবং দুই থেকে তিনশ লোক জড়ো করে তাঁদের আটকে রেখে হেনস্তার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের দাবি, শনিবার সকালে বিএনপি নেতা ফজলুর রহমান ফজলু তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। তবে মামলায় মাদক সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়নি।

আদালতে নেওয়ার পথে এনটিভি ডিজিটালের সখীপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন বলেন, মাদক সেবনকারীরা তাঁদের ‘ম্যানেজ’ করার চেষ্টা করেছিলেন। তাঁরা রাজি না হওয়ায় তাঁদের বিরুদ্ধে মব তৈরি করে ফাঁসানো হয়েছে। তাঁর দাবি, তাঁদের এক সহকারীর পকেটে জোর করে আট হাজার টাকা ঢুকিয়ে দেওয়া হয়। অথচ মাদক সেবনকারীরা বাইরে ঘুরে বেড়াচ্ছেন।

মামলার বাদী ফজলুর রহমান ফজলু বলেন, গ্রামবাসীর অনুরোধে তিনি মামলার বাদী হয়েছেন। তবে মামলায় মাদক সেবনের অভিযোগ না আনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি।

সখীপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, মামলায় চাঁদা দাবি ও চাঁদা আদায়ের অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান সাংবাদিকদের বলেছেন, ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *