মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহ্বান : কায়সার আলম সেলিম

 

মোঃআনজার শাহ

কুমিল্লার বরুড়াকে যোগাযোগ, শিক্ষা ও ক্রীড়া এই তিন স্তম্ভের ওপর দাঁড়িয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলায় রূপান্তরের পরিকল্পনা তুলে ধরেছেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম। তাঁর ব্যাখ্যায়, একটি এলাকার প্রকৃত উন্নয়নের প্রধান নিয়ামক হলো উন্নত যোগাযোগব্যবস্থা, আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং তরুণ প্রজন্মের জন্য সুস্থ বিনোদন ও খেলাধুলার পরিবেশ।

সম্প্রতি এক আলোচনায় কায়সার আলম সেলিম বলেন, বরুড়ার উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিম দিকের সড়কগুলোর বর্তমান অবস্থা নাজুক। তিনি মনে করেন, নতুন সংযোগ সড়ক নির্মাণ হলে প্রধান সড়কে যানবাহনের চাপ ধীরে ধীরে কমবে এবং সাধারণ মানুষের যাতায়াতের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
পৌর এলাকায় একটি রিং রোড নির্মাণের চিন্তাভাবনার কথাও জানিয়েছেন তিনি। শহরের বাইপাসের আদলে আধুনিক পরিকল্পনায় এটি গড়ে তোলা হলে বরুড়ার অভ্যন্তরীণ যোগাযোগ আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে বলে তাঁর আশা।

লালবাজার সড়ক, থানা সড়কসহ বিভিন্ন পথ পরস্পরের সঙ্গে সংযুক্ত করে একটি বিকল্প যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার ভাবনা রয়েছে বলে জানান সেলিম। এতে উত্তর বরুড়াসহ পুরো উপজেলার মানুষ বড় বাজারে যেতে গিয়ে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা যানজটে আটকে থাকার সমস্যা থেকে মুক্তি পাবেন।
তাঁর মতে, সড়ক উন্নয়ন শুধু যাতায়াত সহজ করবে না; এটি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক সংযোগের ক্ষেত্রেও বরুড়ার সামগ্রিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে।

শিক্ষা খাতে বরুড়ার স্কুল, কলেজ ও মাদ্রাসায় নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কায়সার আলম সেলিম। রাজস্ব তহবিলের অর্থায়নে বিভিন্ন স্থানে এক, দুই ও তিনতলা ভবন নির্মাণের কাজ এগিয়ে চলছে; মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রেও একই ধরনের উদ্যোগ রয়েছে।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে শিক্ষানুরাগী, দরদি ও নৈতিকভাবে সচেতন ব্যক্তিদের আনা প্রয়োজন। সঠিক মানুষকে সঠিক জায়গায় বসানোই শিক্ষা ও সমাজ উন্নয়নের মূল চাবিকাঠি এমনটাই তাঁর বিশ্বাস।

মাদকাসক্তিকে সমাজের ভয়াবহ ব্যাধি হিসেবে চিহ্নিত করে সেলিম বলেন, শিশু-কিশোরদের জন্য খেলাধুলার সুযোগ বাড়ানোই এই সমস্যা মোকাবিলার কার্যকর পথ। তাঁর ভাষায়, “আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা মাঠে খেলার সময়। শিশুর মানসিক বিকাশ ও শারীরিক গঠনের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও জরুরি।”
এ লক্ষ্যে বরুড়ায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি। স্টেডিয়ামে ফুটবল মাঠের পাশাপাশি অ্যাথলেটিকসের জন্য ট্র্যাক থাকবে; সঙ্গে থাকবে একটি স্পোর্টস ভিলেজ, যেখানে প্রতিভাবান খেলোয়াড়দের থাকা ও প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হবে।

কুমিল্লায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর একটি শাখা স্থাপনের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান সেলিম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী এলাকায় এটি স্থাপন করা যেতে পারে বলে তাঁর ধারণা।
তিনি বলেন, খেলাধুলার সুযোগ বাড়ানো সরকারের একটি বড় পরিকল্পনা। প্রধানমন্ত্রী গত বছর লন্ডনে থাকাকালীন যেসব পরিকল্পনা নিয়েছিলেন, তার মধ্যে এটি অন্যতম।

প্রযুক্তির নেতিবাচক দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেলিম বলেন, শিশু-কিশোরেরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, যা অনেক বাবা-মাকে উৎকণ্ঠায় ফেলেছে। তিনি মনে করেন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করে তরুণদের সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে হবে।

তিনি অভিযোগ করেন, সমাজের একশ্রেণির প্রভাবশালী ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য মাদকাসক্ত তরুণদের ব্যবহার করেন। এসব তরুণ সহজেই উত্তেজিত হয়, তাই তাদের দিয়ে দখলদারি ও সম্পদ হরণের মতো কাজ করানো হয়। আফ্রিকার বিভিন্ন দেশের উদাহরণ টেনে তিনি বলেন, কিশোর-তরুণদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়ে সেখানে গৃহযুদ্ধ জিইয়ে রাখা হয়েছে।

এ থেকে পরিত্রাণের উপায় হিসেবে তিনি কয়েকটি পরামর্শ দেন। এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে শিক্ষানুরাগী ও দরদি মানুষকে আনতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারসহ সামর্থ্যবান ও নৈতিকভাবে সচেতন ব্যক্তিদের দান ও সামাজিক কাজে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, সঠিক মানুষকে সঠিক জায়গায় বসানোই এ ক্ষেত্রে মূল চাবিকাঠি। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগেই তরুণ প্রজন্মকে মাদক ও নেতিবাচক প্রবণতা থেকে দূরে রাখা সম্ভব।

এসব পরিকল্পনা বাস্তবায়নে দলকে সুসংগঠিত করার ওপর গুরুত্ব দিয়েছেন কায়সার আলম সেলিম। বরুড়া উপজেলা বিএনপির সভাপতি হিসেবে তাঁর উপলব্ধি, কুমিল্লায় সাংগঠনিকভাবে সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে বরুড়া।
তিনি বলেন, সড়ক, শিক্ষা ও খেলাধুলার সমন্বিত উন্নয়নের মাধ্যমেই বরুড়াকে একটি আধুনিক, সুস্থ ও সমৃদ্ধ উপজেলায় পরিণত করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *