আলীকদমে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত

মোঃ রাসেল:

বান্দরবানের আলীকদম উপজেলায় লোকাল বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাজু চক্রবর্তী (৪১) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজু চক্রবর্তী কক্সবাজার জেলার বাসিন্দা। তিনি আলীকদম থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। পুলিশ বিভাগে তাঁর চাকরির বয়স ছিল ২২ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সরকারি দায়িত্ব পালনের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে লামা উপজেলার দিকে যাচ্ছিলেন সাজু চক্রবর্তী। পথে শিবাতলী এলাকায় পৌঁছালে চকরিয়া থেকে আলীকদমগামী একটি লোকাল বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে আলীকদম থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশ জানায়, নিহত কনস্টেবলের মরদেহ আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ি আঁকাবাঁকা সড়কে যানবাহনের অতিরিক্ত গতি এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *