আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গে অবৈধভাবে গরু জবাই বন্ধে বিদ্যমান আইন আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এ লক্ষ্যে নতুন একটি বিল আনার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে অনুমোদিত জবাইখানায় আইন মেনে পশু জবাইয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হবে কি না, সে বিষয়ে তিনি ভিন্ন অবস্থানের কথা জানিয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) রাজ্য সচিবালয় নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী এসব কথা বলেন।
শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজ্যে গোমাতা হত্যা করতে দেব না। আপনারা (সাংবাদিক) নিজেদের মতো করে মন্ত্রিসভার সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে পারেন।’
তিনি জানান, গোপনে পশু জবাইয়ের প্রবণতা বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নিতে চায়। এ বিষয়ে ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইনের কথা উল্লেখ করে কলকাতা হাইকোর্টের একটি রায়ের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। বিদ্যমান আইন কঠোরভাবে কার্যকর করার ওপর জোর দেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা এখানে ঘটতে দেব না। কেউ গোপনে এসব করলে আমাকে বিস্তারিত জানান। আমি তা বন্ধ করে দেব। আমার কাছে ১৯৫০ সালের পশু আইন রয়েছে এবং কলকাতা হাইকোর্টের একটি রায় রয়েছে। আইন কঠোরভাবে কার্যকর করব।’
গত ছয় মাসে এ ধরনের একাধিক ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা ও বিচারপ্রক্রিয়া চালানোর কথাও জানান তিনি। মুখ্যমন্ত্রীর ভাষ্য, অবৈধভাবে পশু জবাইয়ের তথ্য পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নিতে নতুন বিল আনা হবে।
তবে জবাইখানায় পশু জবাইও নিষিদ্ধ করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী অবৈধ জবাই এবং আইন মেনে জবাইয়ের মধ্যে পার্থক্য তুলে ধরেন। তিনি বলেন, ‘জবাইখানা এবং গোমাতার ক্ষতি করা এক বিষয় নয়। জবাইখানায় যদি অনুমতি থাকে, তাহলে তা করতে পারেন।’
এদিকে গত মে মাসে বিজেপি নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার গরু, ষাঁড় ও মহিষসহ গবাদিপশু জবাইয়ের আগে স্বাস্থ্যগত সক্ষমতার সনদ বাধ্যতামূলক করে নতুন নির্দেশিকা জারি করে। নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত স্থানীয় কর্মকর্তা ও সরকারি পশুচিকিৎসকের সনদ পাওয়ার পর নির্ধারিত জবাইখানায় পশু জবাই করা যাবে। পাশাপাশি জনসমক্ষে খোলা জায়গায় পশু জবাই নিষিদ্ধ করা হয়েছে। এ নির্দেশনা লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
পশু জবাই ও খাদ্যাভ্যাস নিয়ে পশ্চিমবঙ্গে এর আগেও বিতর্ক তৈরি হয়েছে। গত সেপ্টেম্বরে ধর্মীয় বক্তা বাবা বাগেশ্বর রাজ্য সফরের সময় দুর্গাপূজার মণ্ডপে এবং নবরাত্রি চলাকালে আমিষ খাবার না রাখার বিষয়ে মন্তব্য করেন। এ নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনা হয়।
ওই বিতর্কের মধ্যে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, কে কী খাবেন বা কী পোশাক পরবেন, তা ব্যক্তিগত পছন্দের বিষয়। বাংলার খাদ্যসংস্কৃতি বৈচিত্র্যময় উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকের নিজের পছন্দ অনুযায়ী চলার স্বাধীনতা থাকা উচিত। কোনো ধর্মীয় নেতা বা রাজনৈতিক ব্যক্তির অন্যের খাদ্যাভ্যাস নির্ধারণের অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: এনডিটিভি।