রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ৮ কেজি হেরোইন ও অস্ত্র উদ্ধার গ্রেপ্তার ৪

মোঃ মাহমুদুল হাসান:

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন, দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এসব ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর পৃথক আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার রাণীনগর হাটপাড়া এলাকায় প্রথম অভিযান চালানো হয়। এ সময় আহসান আলী ও আব্দুর রহিম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে যুক্তরাষ্ট্রে তৈরি দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন এবং অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়।

এসআরবি-৫ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তার আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা, একটি পাসপোর্ট জালিয়াতি মামলা এবং গুরুতর জখমের একটি মামলা রয়েছে। অন্যদিকে আব্দুর রহিমের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় জাল টাকা-সংক্রান্ত বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।

অন্যদিকে একই রাতে রাজশাহী মহানগরের শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় এসআরবি-৫-এর আরেকটি দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মোছা. ময়না বেগম ও শাহাদত হোসেন নামে দুজনকে আটক করা হয়। তাঁরা সম্পর্কে ভাই-বোন। পরে তাঁদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

সংস্থাটি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ছাড়া ময়না বেগম ও শাহাদত হোসেনের বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের মামলা রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৫ আরও জানায়, গত ছয় মাসে তাদের অভিযানে ১৭টি আগ্নেয়াস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল এবং প্রায় ১৬ কেজি গানপাউডার উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক-সংশ্লিষ্ট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া একই সময়ে প্রায় ৪০ কেজি হেরোইন, ৪ হাজার ৯২২ বোতল ফেনসিডিল, প্রায় ২৭ হাজার পিস ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা এবং ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার করেছে সংস্থাটি।

এসআরবি-৫ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে। আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতাও কামনা করেছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *