পদত্যাগের দুই সপ্তাহেরও কম সময়ে এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

আন্তর্জাতিক ডেস্ক:

গুপ্তচরবৃত্তির অভিযোগকে কেন্দ্র করে পদত্যাগের দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ফিরেছেন জেনসেন হুয়াং। মার্কিন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পরামর্শের পর জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে হুয়াংয়ের নেতৃত্বে ঝুঁকি নেই বলে আশ্বস্ত হয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। এরপর সোমবার (২৩ নভেম্বর) সর্বসম্মত সিদ্ধান্তে তাকে পুনর্বহাল করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনভিডিয়ার এ সিদ্ধান্তকে ‘সঠিক ও যথাযথ’ বলে স্বাগত জানিয়েছেন। এর আগে হুয়াংকে পুনরায় দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। ট্রাম্প তাকে বিশ্বের অন্যতম মেধাবী ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেছিলেন, দ্বিতীয় সুযোগ দেওয়া হলে তা হবে চমৎকার সিদ্ধান্ত।

এক বিবৃতিতে এনভিডিয়া জানায়, ধারাবাহিক কয়েকটি বৈঠকের পর পরিচালনা পর্ষদের সদস্যরা হুয়াংয়ের স্পষ্টবাদিতা ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতায় সন্তুষ্ট হয়েছেন। এ কারণে সর্বসম্মত ভোটে তাকে অবিলম্বে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে মার্কিন সরকারের কোন কোন কর্মকর্তার সঙ্গে পরামর্শ করা হয়েছে কিংবা তারা পরিচালনা পর্ষদকে কী মতামত দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি।

হুয়াংয়ের পদত্যাগের পর তিনি নিজেই এনভিডিয়ায় ফিরে আসার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু শুরুতে পরিচালনা পর্ষদ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। গত সপ্তাহে এক আর্থিক প্রতিবেদন-সংক্রান্ত আলোচনায় পর্ষদ চেয়ারম্যান হার্ভে জোন্স জানিয়েছিলেন, পরিচালকরা সর্বসম্মতিক্রমে হুয়াংয়ের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং তাকে পুনরায় সিইও করার কোনো পরিকল্পনা নেই।

তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করে হুয়াংকে ফিরিয়ে আনা হলো। দায়িত্ব ফিরে পেয়ে পরিচালনা পর্ষদ, কর্মী, শেয়ারহোল্ডার ও পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। হুয়াং বলেন, ‘আমি অত্যন্ত বিনয় এবং নতুন অঙ্গীকারের সঙ্গে এই দায়িত্ব গ্রহণ করছি। আমি কাজে ফেরার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

গত ১২ নভেম্বর ৬৩ বছর বয়সি হুয়াং পদত্যাগ করেন। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিড কয়েকশ কোটি ডলারের এনভিডিয়া চিপ কেনার পর প্রতিষ্ঠানটির সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতেই তার পদত্যাগের ঘটনা ঘটে।

মার্কিন বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছিল, অ্যালিস হুয়াং বেইজিংয়ের কাছে তথ্য পাচার করেছিলেন। তবে বেইজিং এ অভিযোগ অস্বীকার করেছে।

সোমবার এনভিডিয়ার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভে জোন্স বলেন, পরিচালকরা এখন বিশ্বাস করেন, প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেওয়ার জন্য হুয়াংই সঠিক ব্যক্তি। তার প্রত্যাবর্তন শেয়ারহোল্ডার, কর্মী, ব্যবসায়িক অংশীদার ও গ্রাহকদের স্বার্থ রক্ষা করবে বলেও মনে করেন তারা।

এদিকে সংকটের সময় এনভিডিয়ার ইতিহাসে প্রথম পর্ষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া সিনোপসিসের সাবেক প্রধান নির্বাহী হার্ভে জোন্স নিজ পদে বহাল থাকবেন। অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করা প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেসও আগের দায়িত্বে ফিরে যাচ্ছেন।

এনভিডিয়া জানিয়েছে, হুয়াং কোনো বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে চলতি মাসের শুরুতে স্বতন্ত্র পরিচালকদের নিয়ে গঠিত কমিটির তদন্ত অব্যাহত থাকবে। হুয়াং এ তদন্তে সমর্থন জানিয়েছেন এবং সহযোগিতার অঙ্গীকার করেছেন।

সূত্র: এএফপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *