মোঃ ইমরান মুন্সি:
পিরোজপুরের বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত (যুবক) নামে এক আরোহী নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত পিরোজপুরের কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন বলে জানা গেছে। আহতদের মধ্যে মাহফুজ ও সাজিদ নামে দুজনের পরিচয় শনাক্ত করা গেছে। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে হঠাৎ বিকট সংঘর্ষের শব্দ শুনতে পান আশপাশের লোকজন। শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁরা দুমড়ে-মুচড়ে যাওয়া দুটি মোটরসাইকেল এবং পাঁচজন আরোহীকে সড়কের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। আকস্মিক এ ঘটনায় এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত পরিস্থিতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত কার্যক্রম চলছে।