অনলাইন ডেস্ক:
যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে একটি পুলিশ পোস্ট লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
সংবাদমাধ্যম আলজাজিরা স্থানীয় আল-নাসের হাসপাতালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। তবে নিহত ব্যক্তিদের সবাই পুলিশ সদস্য কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গাজা সিটিতে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় আরও দুজন নিহত হন।
উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও বিভিন্ন সময়ে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় যুদ্ধবিরতির পর থেকে আরও প্রায় ১ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। এর পরপরই গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। দীর্ঘ সংঘাতের পর ২০২৫ সালের অক্টোবরে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। চুক্তির অংশ হিসেবে হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা বন্ধ হয়নি।
সূত্র: আলজাজিরা