মো. রাসেল:
বান্দরবানের লামা উপজেলায় ভারী এক্সকাভেটর বহনকারী ট্রাকের চাপে একটি বেইলি সেতু ধসে পড়েছে। এতে আজিজনগর ও গজালিয়া ইউনিয়নের অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন দুই ইউনিয়নের হাজারো বাসিন্দা।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে লামা-গজালিয়া সড়কের ছয়মাইল এলাকায় খালের ওপর নির্মিত সেতুটিতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি একটি ভারী এক্সকাভেটর নিয়ে সেতু পার হওয়ার সময় মাঝপথে সেটি ভেঙে পড়ে। অতিরিক্ত ওজনের কারণে সেতুটি ধসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এ সময় ট্রাক ও এক্সকাভেটরটি সেতুর নিচের খাদে পড়ে যায়। তবে এ ঘটনায় চালক বা স্থানীয় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সেতুটি ধসে পড়ায় আজিজনগর ও গজালিয়া ইউনিয়নের মধ্যে যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথ না থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে স্থানীয় কৃষিপণ্য পরিবহনও ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত সেতুটি দ্রুত মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।