আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আজ চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে তিনি সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা দেন।

সফরপথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। পরে চাঁদপুরে পৌঁছে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন ও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি।

সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে শাহরাস্তি উপজেলার ‘খোর্দ্দ খাল’ এবং সদর উপজেলার ‘বিশ্ব খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিও থাকছে তার সফরসূচিতে।

সরকারি কর্মসূচির পাশাপাশি চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায়ও অংশ নেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে জেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় নেতাদের আশা, এই সফরের মাধ্যমে চাঁদপুরের উন্নয়ন ও নতুন উদ্যোগের বার্তা তুলে ধরা হবে।

এদিকে পুরো সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *