এক বছর প্রেমের পর বাগদানের ঘোষণা ভিনিসিয়ুসের

স্পোর্টস ডেস্ক:

নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র। এক বছর প্রেমের সম্পর্কের পর প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের খবর জানিয়েছেন ভিনিসিয়ুস ও ভার্জিনিয়া। ইনফ্লুয়েন্সার ও উদ্যোক্তা ভার্জিনিয়া ভিনিসিয়ুসের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দুজনের আঙুলেই একই ধরনের আংটি দেখা যায়। এর মধ্য দিয়ে তাদের সম্পর্ক নতুন ধাপে পা রাখার বিষয়টি প্রকাশ্যে আসে।

ভিনিসিয়ুসের সঙ্গে সম্পর্কের পর থেকেই ফুটবলপ্রেমীদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন ভার্জিনিয়া। ভিনিসিয়ুসকে সমর্থন দিতে বিভিন্ন সময় গ্যালারিতেও দেখা গেছে তাকে। ব্রাজিল ও স্পেনে তাদের সম্পর্ক নিয়ে বেশ আলোচনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে জন্ম নেওয়া ভার্জিনিয়া তিন বছর বয়সে ব্রাজিলে চলে যান। ১৬ বছর বয়সে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করে পরিচিতি পেতে শুরু করেন তিনি। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা সাড়ে ৫ কোটির বেশি। কনটেন্ট তৈরির পাশাপাশি প্রসাধনী ব্যবসার সঙ্গেও যুক্ত তিনি।

এর আগে ব্রাজিলিয়ান গায়ক জে ফিলিপের সঙ্গে সম্পর্কে ছিলেন ভার্জিনিয়া। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। ২০২৫ সালের মে মাসে তাদের বিচ্ছেদ হয়। একই বছরের অক্টোবরে ভিনিসিয়ুসের সঙ্গে ভার্জিনিয়ার সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও প্রকাশ্য হয়। এবার বাগদানের ঘোষণা দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করলেন দুজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *