নিজস্ব প্রতিবেদক:
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী, আগামী ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন। একই সঙ্গে দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, নিশ্চায়ন, মাইগ্রেশন ও চূড়ান্ত ভর্তির সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ আক্তারুজ্জামানের সই করা সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিপুলসংখ্যক শিক্ষার্থী নির্ধারিত সময়ে নিশ্চায়ন বাতিল না করা এবং ভর্তি সম্পন্ন না করায় সৃষ্ট জটিলতা নিরসনে দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রমের সময়সূচি পুনর্বিন্যাস করা হয়েছে।
সংশোধিত সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত চলবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৫ অক্টোবর রাত ৮টায়। এরপর ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীরা তাদের নির্বাচন নিশ্চায়ন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
দ্বিতীয় ধাপে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের মধ্যে পছন্দক্রম অনুযায়ী যাদের মাইগ্রেশন হবে, তাদের ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর রাত ৮টায়। এরপর ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে।
দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন—যেসব শিক্ষার্থী আগে আবেদন করেননি বা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হননি, চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চায়ন করতে পারেননি বা নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে পারেননি এবং ভুল কোটা নির্ধারণের কারণে চূড়ান্ত মনোনয়ন পেয়েও কলেজে ভর্তি হতে পারেননি।
সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের ভর্তি-সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। কলেজের বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় শিক্ষার্থীদের সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম নির্বাচন বা সম্পাদনা করতে হবে।
তবে দ্বিতীয় ধাপে আবেদনের সময় কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে নিজের কোটার যোগ্যতা যাচাই করে আবেদন করতে বলা হয়েছে। ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দিয়ে নির্বাচিত কলেজে ভর্তির সব কার্যক্রম সম্পন্ন করার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।