আন্তর্জাতিক ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) সম্ভাব্য মামলা করার প্রস্তুতি নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যম i24NEWS-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু ইসরায়েলের একটি আন্তঃমন্ত্রণালয় দল এবং আন্তর্জাতিক আইন বিভাগের প্রধানকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি নথি প্রস্তুতের নির্দেশ দিয়েছেন। প্রস্তাবিত মামলায় তুরস্কে কুর্দি জনগোষ্ঠীর প্রতি এরদোয়ান সরকারের আচরণ এবং হামাসকে অর্থায়নের অভিযোগকে গুরুত্ব দেওয়া হতে পারে।
এরদোয়ানের বিরুদ্ধে এই আইনি উদ্যোগের খবর এমন এক সময়ে এলো, যখন ইসরায়েল ও তুরস্কের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এর আগে এরদোয়ান নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন।
তবে এখন পর্যন্ত আইসিসিতে এরদোয়ানের বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয়েছে বলে তথ্য পাওয়া যায়নি। i24NEWS-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সরাসরি আইসিসিতে যাওয়ার পরিবর্তে অন্য কোনো দেশের মাধ্যমে বিষয়টি আদালতে তোলার সম্ভাবনাও বিবেচনা করছে।
আইনি জটিলতার আরেকটি দিক হলো, ইসরায়েল ও তুরস্ক—কোনো দেশই আইসিসির প্রতিষ্ঠাকালীন রোম সংবিধির সদস্য নয়। ফলে আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্ন রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা আশা করছেন, শেষ পর্যন্ত মামলাটি আদালতে উপস্থাপনের প্রয়োজন নাও হতে পারে। বরং সম্ভাব্য মামলার প্রস্তুতিকে এরদোয়ানের ওপর চাপ সৃষ্টি ও ভবিষ্যৎ পদক্ষেপ নিরুৎসাহিত করার কৌশল হিসেবেও ব্যবহার করা হতে পারে। নেতানিয়াহু ও ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে মন্তব্য করেননি।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে গাজায় কথিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি।