জাবি প্রতিনিধি:
পুলিশ ভেরিফিকেশনের নামে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতীকী লাল কার্ড প্রদর্শন করেছে জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের জাবি সংসদের সভাপতি জিয়াউদ্দিন আয়ান, সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, দপ্তর সম্পাদক কাজী মেহরাব তূর্য, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতী, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মোমিনুল ইসলাম শাওনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে জিয়াউদ্দিন আয়ান অভিযোগ করেন, বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারের ঘটনা ঘটছে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
চাকরিপ্রার্থীদের প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ ভেরিফিকেশনের নামে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর প্রসঙ্গ তুলে তিনি দ্রুত তাদের নিয়োগপত্র দেওয়ার দাবি জানান।
জিয়াউদ্দিন আয়ান আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র দেওয়া এবং ১ অক্টোবর থেকে প্রার্থীদের কর্মস্থলে যোগদানের সুযোগ দেওয়ার দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে আন্দোলনের কর্মসূচি কঠোর করার হুঁশিয়ারিও দেন তিনি। একই সঙ্গে সব ক্ষেত্রে দলীয়করণ বন্ধ করে মেধার ভিত্তিতে নিয়োগ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা অভিযোগ করেন, বর্তমান সরকারের সময়ে বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি বেড়েছে। তার দাবি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল সরকারি চাকরিতে বৈষম্যহীন নিয়োগ। কিন্তু বর্তমান নিয়োগপ্রক্রিয়ায় সেই আকাঙ্ক্ষা ব্যাহত হচ্ছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে তিনি জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনগণের অধিকার রক্ষার দাবি জানান।
নাদিয়া রহমান বলেন, সরকার এসব দাবি উপেক্ষা করলে সাধারণ মানুষ তা প্রতিহত করবে। পরে পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া এবং নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের অভিযোগের প্রতিবাদে প্রতীকী লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে কর্মসূচি শেষ করেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা।