স্পোর্টস ডেস্ক:
ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কলকাতায় পৌঁছেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল। শনিবার ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল।
রাত পৌনে ৯টার দিকে ব্রাজিল দল বিমানবন্দরে অবতরণ করে। এরপর সবুজ ও হলুদ রঙে সাজানো দুটি বাসে করে ভিআইপি গেট দিয়ে দ্রুত বিমানবন্দর ত্যাগ করে দলটি। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত পুরো পথে ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। ফলে বিমানবন্দরের আশপাশ কিংবা দলের চলাচলের পথে দাঁড়িয়ে খেলোয়াড়দের দেখার সুযোগ পাননি দর্শকরা।
প্রায় ৯০ সদস্যের দলটি দুটি বাস ও পাঁচটি ব্যক্তিগত গাড়িতে করে বিমানবন্দর ছাড়ে। মাত্র ১১ মিনিটের মধ্যে বিমানবন্দর থেকে বেরিয়ে হোটেলে পৌঁছাতে সময় লাগে প্রায় ৮ মিনিট। টিম হোটেলের আশপাশেও ছিল কড়া নিরাপত্তা।
হোটেলে অবশ্য কিছু দর্শক ব্রাজিলের খেলোয়াড়দের একনজর দেখার সুযোগ পান। ক্যাপ পরা ভিনিসিয়ুস জুনিয়রকে দেখতে লবি থেকে ভেসে আসে ‘ভিনি ভিনি’ স্লোগান। খেলোয়াড়দের মধ্যে জলপাই-সবুজ হুডি, শর্টস ও হলুদ ক্যাপ পরা দেখা যায়। চোটের কারণে রাফিনিয়া ব্রাজিলের এই সফরে নেই।
শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার কথা রয়েছে কোচ কার্লো আনচেলত্তির। তাঁর সঙ্গে থাকবেন ব্রাজিলের একজন ফুটবলার। এরপর বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত যুবভারতী ক্রীড়াঙ্গনের মূল মাঠে অনুশীলন করবে ব্রাজিল দল। অনুশীলন শেষে হোটেলে ফিরে ম্যাচের প্রস্তুতি নেবে দলটি।
কলকাতায় পৌঁছানোর আগে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ বার্তা প্রকাশ করে ব্রাজিল ফুটবল। সেখানে ৪৯ বছর আগে কিংবদন্তি ফুটবলার পেলের কলকাতা সফরের স্মৃতিও তুলে ধরা হয়।
বার্তায় ব্রাজিল জানায়, ১৯৭৭ সালের ২৪ সেপ্টেম্বর ফুটবলজীবনের শেষ দিকে নিউইয়র্ক কসমসের জার্সিতে ভারতের মাঠে খেলতে নেমেছিলেন পেলে। তাঁর আগমন ঘিরে কলকাতায় ব্যাপক উৎসাহ তৈরি হয়েছিল এবং বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হয়েছিলেন।
সেবার নিউইয়র্ক কসমসের প্রতিপক্ষ ছিল ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান। ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। পেলে ম্যাচে ৩০ মিনিট খেলেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ১৯৭০ বিশ্বকাপজয়ী ব্রাজিলের অধিনায়ক কার্লোস আলবের্তো তোরেস।
ব্রাজিল ফুটবল আরও জানায়, ১৯৭৭ সালের ওই প্রদর্শনী ম্যাচটি ছিল এশিয়ায় নিউইয়র্ক কসমসের সফরের অংশ। পেলের আনুষ্ঠানিক অবসরের কয়েক সপ্তাহ আগে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। এবার ব্রাজিল জাতীয় দল ভারতে খেলতে আসায় কলকাতা আবারও ব্রাজিলের ফুটবল ইতিহাসের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে।