কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ, সংস্কারের দাবি

মোহাম্মদ হোসেন সুমন:

পর্যটন নগরী কক্সবাজারের কলাতলী এলাকায় অবস্থিত কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন ও অবকাঠামোগত সমস্যার কারণে শিক্ষাকার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় বিদ্যালয়টির দ্রুত সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানানো হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৫০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক শ্রেণিকক্ষ না থাকায় নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনায় শিক্ষক ও শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

আরও জানা গেছে, বিদ্যালয়ের পুরাতন টিনশেড ভবনগুলো দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় রয়েছে। বৃষ্টির সময় টিনের ছিদ্র দিয়ে পানি শ্রেণিকক্ষে ঢুকে পড়ে, ফলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হয়। একই সঙ্গে বিদ্যালয়ের মাঠ নিচু হওয়ায় বর্ষা মৌসুমে পানি জমে প্লাবিত হয় এবং সেই পানি শ্রেণিকক্ষেও প্রবেশ করে। এতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাওয়ার পাশাপাশি স্বাভাবিক শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মোস্তাক আহমদ জানান, “বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে পাঠদান নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। দ্রুত নতুন শ্রেণিকক্ষ নির্মাণ ও বিদ্যমান ভবনের সংস্কার অত্যন্ত জরুরি।”

এ প্রেক্ষিতে কক্সবাজার জেলা শিক্ষা অফিস, সরকারি, বেসরকারি ও এনজিও সংস্থার প্রতি বিদ্যালয় কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছে।

সংশ্লিষ্ট মহলের মতে, একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন নিশ্চিত করা না হলে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *