কাকার স্বর্ণ চুরি করে থার গাড়ি কিনে গ্রেপ্তার যুবক

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের মহারাষ্ট্রের কোলহাপুর জেলায় কাকার বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি করে সেই অর্থে নতুন গাড়ি কেনার অভিযোগে ১৯ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় স্বর্ণ বিক্রিতে সহায়তার অভিযোগে এক স্বর্ণ ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত যুবকের নাম সমর চ্যবন। মাসখানেক আগে তিনি কাকা উমেশ মারুতি চ্যবনের বাড়ি থেকে ১৫ ভরি স্বর্ণালংকার চুরি করেন বলে অভিযোগ। পরে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী সংগ্রাম বাবাসো মোরের সহায়তায় ওই স্বর্ণ ১০ লাখ রুপিতে বিক্রি করেন। সেই অর্থ দিয়ে একটি নতুন মহিন্দ্রা থার গাড়ি কেনেন সমর।

সমর তাঁর কাকার বাড়ির পাশেই বসবাস করতেন। সম্প্রতি দশেরা উৎসব উপলক্ষে নতুন গাড়ির পূজার আয়োজন করেন তিনি। অনুষ্ঠানে কাকাকেও আমন্ত্রণ জানান। ভাইপোর নতুন গাড়ির পূজায় যাওয়ার প্রস্তুতি নিতে গিয়ে নিজের স্বর্ণালংকার খুঁজতে যান উমেশ। তখন তিনি দেখতে পান, তাঁর ও তাঁর স্ত্রীর গহনা চুরি হয়ে গেছে।

পরিবারের সদস্যরা আরও লক্ষ্য করেন, বাড়িতে থাকা সমরের ঠাকুমার স্বর্ণালংকার অক্ষত রয়েছে। এতে চুরির ঘটনায় পরিবারের পরিচিত কারও সম্পৃক্ততা নিয়ে সন্দেহ দেখা দেয়।

পরে উমেশ চ্যবন গহনা চুরির অভিযোগে কোডোলি থানায় মামলা করেন। পুলিশ তদন্তে নেমে সমরের হঠাৎ নতুন গাড়ি কেনা এবং গাড়ি কেনার অর্থের উৎস নিয়ে সন্দেহ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সমর চুরির কথা স্বীকার করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত বৃহস্পতিবার সমর চ্যবন ও স্বর্ণ ব্যবসায়ী সংগ্রাম মোরেকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে কোডোলি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *