ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাই উপজেলার কালামপুর বাজারে বীর মুক্তিযোদ্ধাদের সমবায় সমিতির কার্যালয়টি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। কার্যালয়টির বর্তমান অবকাঠামো সংস্কার ও উন্নয়ন করা হলে বীর মুক্তিযোদ্ধাদের জন্য একটি সুন্দর ও মর্যাদাপূর্ণ বসার স্থান তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের প্রত্যাশা, ধামরাইয়ের সংসদ সদস্য আলহাজ্ব তমিজউদ্দিন এবং ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ বিষয়টির প্রতি নজর দিলে কালামপুর বাজারে বীর মুক্তিযোদ্ধাদের সমবায় সমিতির কার্যালয়টি সংস্কার করে একটি সুন্দর পরিবেশে রূপ দেওয়া সম্ভব হবে।
মুক্তিযুদ্ধের বীর সেনানীরা দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের সম্মান ও মর্যাদা বিবেচনায় কালামপুর বাজারে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ কার্যালয় থাকা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।
এলাকাবাসী ও বীর মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যালয়টির সংস্কারে উদ্যোগ নেবেন। এর মাধ্যমে কালামপুরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য একটি সুন্দর ও মর্যাদাপূর্ণ বসার স্থান গড়ে উঠবে।