কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগতদের বরণ উপলক্ষে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।
প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. নাহিদা বেগম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান, বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খানসহ প্রত্নতত্ত্ব বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং ২০১৮-১৯ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারকের মাধ্যমে বিদায়ী সম্মাননা জানানো হয়। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় আর্ট এন্ড হেরিটেজ সোসাইটির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মোজাহিদ বলেন, “আর্ট এন্ড হেরিটেজ সোসাইটি প্রতিবছরের ধারাবাহিকতায় এবছরও নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা এবং নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নবীন এবং প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সম্মিলন। আমি আশা করি, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শিক্ষা ও সংস্কৃতিতে এগিয়ে রাখবে।”
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, “প্রতিবছর নবীন শিক্ষার্থী যেমন ভর্তি হয় ঠিক তেমনি অনার্স এবং মাস্টার্স করা শিক্ষার্থীরা বের হয়ে যায়। পরীক্ষা থাকার কারণে আমরা গতবছরের নভেম্বরে এই প্রোগ্রামটি আয়োজন করতে না পারায় আজ আয়োজন করেছি। পাশাপাশি আজকের অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখতে আমরা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি। এতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রমে আগ্রহী হবে বলে আশা করছি।”