নিজস্ব প্রতিবেদক:
কৃষকদের বিনা সুদে কৃষিঋণ দেওয়ার আপাতত কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে সহজ শর্তে ও স্বল্প সুদে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি।রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের কৃষকদের সুদবিহীন ঋণ দেওয়ার আপাতত কোনো পরিকল্পনা নেই। ব্যাংক আমানতকারীদের কাছ থেকে সংগৃহীত অর্থ গ্রাহকদের ঋণ হিসেবে বিতরণ করে। আমানতের ওপর ব্যাংককে সুদ দিতে হয় বলে প্রচলিত ব্যবস্থায় গ্রাহকদের সুদহীন ঋণ দেওয়া সম্ভব নয়।পরে আনিসুর রহমান ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আছগারের পৃথক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিনা জামানতে ১ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত কৃষিঋণ দেওয়ারও আপাতত কোনো পরিকল্পনা নেই।তবে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কৃষকদের সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।