কেমো চলছে, অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক:

দীর্ঘদিন পর ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থা ও অভিনয়ে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তিনি জানিয়েছেন, বর্তমানে কেমোথেরাপি চলছে এবং আগের তুলনায় অনেকটা ভালো আছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসকের পরামর্শে তানিয়ার মস্তিষ্কের টিউমার অপসারণে অস্ত্রোপচার করা হয়। পরবর্তী চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও একটি অস্ত্রোপচার শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন। এরপর থেকে চিকিৎসা ও বিশ্রামে রয়েছেন এই অভিনেত্রী।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে দীর্ঘদিন পর ফেসবুক লাইভে এসে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তানিয়া। নিজের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘অসুস্থ ছিলাম। এখন অনেকটা ভালো আছি। কেমোথেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হয়েছে, এখন চতুর্থ মাসের কেমো চলছে। আরও দুই মাস এটি চলার পর কিছু পরীক্ষা হবে। এরপর চিকিৎসক জানাবেন, পরবর্তী চিকিৎসা কী হবে।’

বর্তমানে ঢাকার কাছাকাছি একটি রিসোর্টে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তানিয়া। গ্রামীণ পরিবেশে কিছুটা সময় কাটিয়ে মানসিকভাবে স্বস্তি পাওয়ার জন্যই সেখানে গেছেন বলে জানান তিনি।

অভিনয়ে ফেরার বিষয়েও আশাবাদী তানিয়া। দীর্ঘ প্রায় নয় মাস শুটিং থেকে দূরে থাকার পর আবারও কাজে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘নাটক করতে তো চাই। এ মাস থেকে শুরু করতে চাই। কথাবার্তা চলছে। নয় মাসের মতো শুটিং করিনি। এখন অনেকটা ভালো আছি। তাই আবার কাজে ফেরার চিন্তা করছি।’

শুটিংয়ে ফেরার বিষয়ে ভক্তদের মতামতও জানতে চেয়েছেন তানিয়া। দর্শকদের আগ্রহ ও ভালোবাসা পেলে দ্রুতই কাজে ফেরার ইচ্ছা রয়েছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *