সাতকানিয়া প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের ব্যস্ততম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট বাজার অংশকে চার লেনে উন্নীত করার প্রকল্প অনুমোদন হয়েছে। দীর্ঘদিনের তীব্র যানজট ও দুর্ঘটনা নিরসনে নেওয়া এ প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৪৪ কোটি টাকা।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারের প্রায় এক কিলোমিটার অংশ চার লেনে উন্নীত করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কেরানীহাটের দীর্ঘদিনের যানজট ও সড়ক দুর্ভোগ কমবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দা ও দূরপাল্লার যাত্রীরা।
চট্টগ্রাম-১৪ (আংশিক সাতকানিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জসীম উদ্দীন আহমেদের বিশেষ আবেদনের (ডিও লেটার) পরিপ্রেক্ষিতে প্রকল্পটি অনুমোদন পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কেরানীহাট বাণিজ্যিক এলাকার দীর্ঘদিনের যানজট নিরসন এবং নিরাপদ সড়ক যোগাযোগ নিশ্চিত করতে গত ২৩ আগস্ট সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ডিও লেটার দেন সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ। এর ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কেরানীহাট অংশকে চার লেনে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। পরবর্তী সময়ে প্রকল্পটি অনুমোদন লাভ করে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিগগিরই সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) তত্ত্বাবধানে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে।
স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে কেরানীহাটের দীর্ঘদিনের ত্রিমুখী যানজট অনেকটাই কমে আসবে। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান পার্বত্য জেলার মধ্যে সড়ক যোগাযোগ আরও গতিশীল হবে।
মহাসড়কের কেরানীহাট অংশে যানজট কমলে দক্ষিণ চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।