খসরু মৃধা:
গাজীপুরের পূবাইল রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মা ও দুই সন্তানসহ তিনজন আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরের ৪১ নম্বর ওয়ার্ডের নয়নীপাড়া ফাটপার এলাকার রেলক্রসিং অদূরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে।
স্থানীয় রেলক্রসিংয়ের গেইটম্যান সাত্তার জানান, আজ সোমবার সকালে পূবাইল রেলক্রসিংয়ের পূর্ব পাশে রেললাইনে মালা বেগম তার দুই সন্তানকে নিয়ে দৌড়ে এসে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এ সময় চলন্ত ট্রেনের নিচে পড়ে মা ও দুই সন্তানের দেহ দুমড়ে-মুচড়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ হেফাজতে নেয়।
ভৈরব রেলওয়ে থানার ওসি সাইদ আহমেদ জানান, ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।