মোহাম্মদ নজরুল ইসলাম:
চকরিয়া উপজেলাধীন ১০নং চিরিংগা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তুলাতলী মুজিব কিল্লা এলাকাবাসীর উদ্যোগে বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় তুলাতলী মুজিব কিল্লার মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে নেতৃত্ব দেন তরুণ সমাজসেবক মোহাম্মদ ওমর ফারুক। কর্মসূচির সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ কাইমুল ইসলাম জনি।
মানববন্ধনে বক্তারা জানান, তুলাতলী মুজিব কিল্লা এলাকায় প্রায় দুই হাজার মানুষের বসবাস হলেও তারা দীর্ঘদিন ধরে ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। ১৯৭০-এর দশক থেকে এলাকাবাসীর যেসব দাবি রয়েছে, তা আজ পর্যন্ত কোনো সরকারই পূরণ করতে পারেনি। মানববন্ধন থেকে বর্তমান উপদেষ্টা ড. মো. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি এসব দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
এলাকাবাসীর প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—জরুরি ভিত্তিতে সাড়ে তিন কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ, ইট সলিং, কালভার্ট ও ড্রেন নির্মাণ, শিশুদের পড়ালেখার জন্য উপযুক্ত শিক্ষা ব্যবস্থার নিশ্চয়তা এবং এলাকার মসজিদ নির্মাণে গৃহীত ঋণ পরিশোধে সরকারি সহযোগিতা। বক্তারা বলেন, এলাকাবাসীর পক্ষে ওই ঋণ পরিশোধ করা বর্তমানে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা আরও বলেন, এসব যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে এলাকাবাসী আগামীতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। মানববন্ধনে তুলাতলী মুজিব কিল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।