চলন্ত ট্রেনের ছাদে যাত্রীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ আটক ১

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনের ছাদে এক যাত্রীকে মারধর করে টাকা, মুঠোফোন ও ঘড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন যাত্রী ও স্থানীয় লোকজন। তবে অপর ব্যক্তি পালিয়ে গেছেন।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম সামছুল হক (২৩)। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের বদল রেললাইন দক্ষিণ কলাপাড়া এলাকায়। পালিয়ে যাওয়া ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভুক্তভোগী তানভীর আহমেদ (১৮) দিনাজপুরের বিরামপুর এলাকার বাসিন্দা। তিনি আবু বক্কার সিদ্দিকের ছেলে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি একটি চাকরির পরীক্ষা শেষে বাড়ি ফেরার জন্য ঢাকা থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে ওঠেন তানভীর। যমুনা রেলসেতুর আগে একটি স্টেশনে কিছু কেনার জন্য ট্রেন থেকে নামেন তিনি। পরে যাত্রীদের ভিড়ে ট্রেনের ভেতরে উঠতে না পেরে ছাদে ওঠেন।

অভিযোগ অনুযায়ী, যমুনা রেলসেতু পার হওয়ার সময় দুই ব্যক্তি তানভীরকে ধরে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন। এরপর তাঁর কাছে থাকা ২ হাজার ৯০০ টাকা, একটি ঘড়ি ও একটি স্মার্টফোন নিয়ে নেন তাঁরা।

তানভীর আহমেদ বলেন, তিনি অভিযুক্তদের কাছে মুঠোফোন ও ১০০ টাকা ফেরত দেওয়ার অনুরোধ করেছিলেন। চাকরির প্রয়োজনীয় কাগজপত্র মুঠোফোনে থাকায় সেটি ফেরত চেয়েছিলেন তিনি। পরে তাঁকে ১০০ টাকা দিয়ে মুঠোফোনসহ অন্য জিনিস নিয়ে যান তাঁরা।

ভুক্তভোগী আরও জানান, জামতৈল রেলওয়ে স্টেশনে ট্রেন থামলে তিনি চিৎকার শুরু করেন। এ সময় ট্রেনের যাত্রী ও স্টেশনে থাকা লোকজন এগিয়ে এসে একজনকে আটক করেন। অন্য ব্যক্তি পালিয়ে যান।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী জানান, ছিনতাইয়ের অভিযোগে আটক ব্যক্তিকে প্রথমে তাঁদের হেফাজতে নেওয়া হয়। পরে তাঁকে রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে তিনি কামারখন্দ থানা পুলিশকে বিষয়টি জানান। পরে তাদের হেফাজত থেকে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়া হয়। ভুক্তভোগীর মুঠোফোনটি উদ্ধার করা হয়েছে। তবে অপর ব্যক্তি পালিয়ে গেছেন এবং তাঁর কাছে ২ হাজার ৭০০ টাকা রয়েছে বলে জানান তিনি।

এর আগে, গত ১৭ অক্টোবর দিবাগত রাতে জামতৈল রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনে নিয়মিত রেলওয়ে পুলিশ ও পর্যাপ্তসংখ্যক আনসার সদস্য মোতায়েনের দাবি জানান স্থানীয় লোকজন।

এদিকে, ছিনতাই প্রতিরোধে সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু দুই রাত মহড়া দিয়েছেন। পাশাপাশি রেলওয়ে পুলিশ ও কামারখন্দ থানা-পুলিশ ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *