মো. মনির হোসেন:
চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ভূঁইয়া রেদওয়ানুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তিনি বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস আলীর কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। দায়িত্ব গ্রহণের পর নতুন নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান চাঁদপুর সড়ক বিভাগের চলমান কার্যক্রম, সড়ক যোগাযোগব্যবস্থা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে খোঁজখবর নেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে বিভাগের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
এর আগে ভূঁইয়া রেদওয়ানুর রহমান সড়ক ভবনে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালে তিনি সড়ক বিভাগে যোগদান করেন। কর্মজীবনের শুরুতে তিনি ২০১৪ সাল পর্যন্ত সড়ক ভবনে সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মস্থলে দায়িত্ব পালন করে সড়ক ও জনপথ বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডে অভিজ্ঞতা অর্জন করেন। দীর্ঘ কর্মজীবনে ভূঁইয়া রেদওয়ানুর রহমান নরসিংদীর শিবপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী, ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এবং ঢাকা কল্যাণপুর সড়ক উপবিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া শরীয়তপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং সড়ক ভবনের প্রধান কার্যালয়ের এইচডিএম অপারেশন বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালনকালে তিনি সড়ক, সেতু ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নসহ নানা উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে ভূমিকা রাখেন। মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতার পাশাপাশি সড়ক বিভাগের প্রশাসনিক ও কারিগরি কার্যক্রমেও তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। সংশ্লিষ্টরা জানান, চাঁদপুরের সড়ক যোগাযোগব্যবস্থা উন্নয়ন, বিদ্যমান সড়কের রক্ষণাবেক্ষণ এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে নিতে নতুন নির্বাহী প্রকৌশলীর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার দক্ষ নেতৃত্বে চাঁদপুর সড়ক বিভাগের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার সড়ক অবকাঠামো উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দায়িত্ব গ্রহণের মাধ্যমে ভূঁইয়া রেদওয়ানুর রহমান চাঁদপুর সড়ক বিভাগের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে নতুনভাবে নেতৃত্ব দেওয়া শুরু করেছেন।