‘জান্নাত অবধারিত’ মন্তব্যে আলোচিত সেই নেতা এখন জেলা আমির

লক্ষ্মীপুর প্রতিনিধি:

২৩ বছর পর লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির পদে পরিবর্তন এসেছে। নতুন আমির নির্বাচিত হয়েছেন এ আর হাফিজ উল্লাহ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াতের প্রার্থী ছিলেন। নির্বাচনী প্রচারে ‘দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত’ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির বিষয়টি জানানো হয়। আগামী দুই বছর জেলা আমিরের দায়িত্ব পালন করবেন এ আর হাফিজ উল্লাহ। এর আগে তিনি লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি পদে দায়িত্ব পালন করেছেন।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় গণসংযোগের সময় ভোটারদের উদ্দেশে দেওয়া বক্তব্যে আলোচনায় আসেন তিনি। ওই বক্তব্যে এ আর হাফিজ উল্লাহ বলেন, ইসলামের পক্ষে, পবিত্র কোরআনের পক্ষে এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে ভোটাররা সওয়াবের ভাগী হবেন এবং তাঁদের জন্য জান্নাত অবধারিত। অন্যদিকে, পবিত্র কোরআনের বিরুদ্ধে ভোট দিলে গুনাহগার হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তাঁর এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। নির্বাচনী প্রচারে ধর্মীয় অনুভূতি ব্যবহারের অভিযোগও ওঠে। এ বিষয়ে জানতে চাইলে সে সময় প্রথম আলোকে এ আর হাফিজ উল্লাহ বলেছিলেন, ‘এমন কোনো বক্তব্য আমি দিয়েছি কি না, তা আমার মনে নেই। তবে ভুল করে মুখ ফসকে এমন কিছু বলে থাকতে পারি। আবার অনেক সময় আমার বক্তব্য খণ্ডিতভাবেও উপস্থাপন করা হয়।’

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে বৃহস্পতিবার এ আর হাফিজ উল্লাহ বলেন, দলের পক্ষ থেকে তাঁকে জেলা আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে। নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এ দায়িত্ব পালনের চেষ্টা করবেন। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলকে শক্তিশালী করতে কাজ করবেন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *