মো. আব্দুল গফুর সিকদার:
ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি ‘রাজা ইলিশ’। ২ কেজি ৮০০ গ্রাম ওজনের মাছটি স্থানীয় মৎস্যঘাটে নিলামের মাধ্যমে ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটে আমানত উল্লাহ আলমগীরের মৎস্য আড়তে মাছটি নিলামে তোলা হয়।
আড়তের ম্যানেজার নাহিদ জানান, সকালে কলাতলীচর আবাসন খালের কামাল মাঝি ও তার সঙ্গী জেলেরা রামনেওয়াজ-সংলগ্ন মেঘনা নদীতে মাছ শিকার করছিলেন। একপর্যায়ে তাদের জালে ধরা পড়ে বড় আকৃতির ইলিশটি। উপকূলীয় অঞ্চলের জেলে ও মৎস্য ব্যবসায়ীদের ভাষায় এ ধরনের বড় আকারের ইলিশই ‘রাজা ইলিশ’ নামে পরিচিত।
মৎস্যঘাটের ব্যবসায়ী আইয়ুব পাটোয়ারী জানান, অন্যান্য ব্যবসায়ীদের উপস্থিতিতে মাছটি নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৯ হাজার টাকায় মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী জোবায়ের হাসান রাজিব চৌধুরী।
ক্রেতা রাজিব চৌধুরী বলেন, “ঢাকার পাইকারি বাজারে বড় আকারের ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। আশা করছি, সেখানে মাছটি আরও বেশি দামে বিক্রি করতে পারব।”
এ বিষয়ে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিক বলেন, “ইলিশের প্রজনন মৌসুম সফলভাবে বাস্তবায়িত হওয়ায় এখন জেলেদের জালে বড় আকারের ইলিশ ধরা পড়ছে। বর্ষায় বৃষ্টিপাত বাড়লে আরও বড় সাইজের ইলিশ পাওয়া যাবে বলে আশা করছি।”
স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মতে, মেঘনায় বড় আকারের ইলিশ ধরা পড়া নদীর মাছের উৎপাদন বৃদ্ধি এবং ইলিশ সংরক্ষণ কার্যক্রমের ইতিবাচক ফলাফলেরই প্রতিফলন।