জেলা প্রতিনিধি:
ভোলার মনপুরা সংলগ্ন মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কোরাল মাছ। মাছটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে উন্মুক্ত নিলামে ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্য ঘাটে বাচ্চু চৌধুরীর আড়তে মাছটির নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. এরশাদ হোসেন।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে খালেক মাঝি কয়েকজন জেলেকে সঙ্গে নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যান। জাল টেনে তোলার সময় ইলিশসহ অন্যান্য মাছের সঙ্গে বিশাল কোরালটি ধরা পড়ে। পরে মাছটি আড়তে এনে নিলামে তোলা হয়।
জেলে খালেক মাঝি বলেন, এর আগে তার জালে এত বড় কোরাল ধরা পড়েনি। অন্যান্য মাছের সঙ্গে বড় কোরালটি জালে ওঠার পর নিলামে ৩৫ হাজার টাকায় বিক্রি করেছেন।
মাছটির ক্রেতা এরশাদ হোসেন বলেন, এত বড় কোরাল সচরাচর পাওয়া যায় না। কৌতূহলবশত মাছটি কিনেছেন। ঢাকায় পাঠানোর পরিকল্পনা থাকলেও স্থানীয় ব্যবসায়ীরা মাছটি কিনে নেওয়ায় পরে কেটে ভাগ করে নেওয়া হয়েছে।
মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ভরা মৌসুমেও জেলেরা মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। এ সময়ে বড় আকৃতির কোরাল ধরা পড়ায় এটি জেলেদের জন্য কিছুটা স্বস্তির বিষয়। সামনে ইলিশের পাশাপাশি মেঘনায় আরও বড় আকৃতির মাছ ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।