ঝালকাঠিতে আইনগত সহায়তা দিবস পালিত

আমির হোসেন:

“সরকারি খরচে বিরোধ শেষ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে উদযাপিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে ন্যায়বিচার সবার জন্য নিশ্চিত করার সরকারের অঙ্গীকার।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসটির সূচনা হয়। র‍্যালিতে বিচার বিভাগ, প্রশাসন, আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে র‍্যালিটি আবার আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা, যেখানে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মো. মতিয়ার রহমান। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবীর হোসেনসহ বিচার বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আলোচনায় বক্তারা বলেন, অর্থনৈতিক অসচ্ছলতা বা সামাজিক প্রতিবন্ধকতা যেন কোনো নাগরিকের ন্যায়বিচার পাওয়ার পথে বাধা না হয়—এই লক্ষ্যেই সরকার বিনামূল্যে আইনগত সহায়তা কার্যক্রম চালু করেছে। এর মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী সহজেই আইনজীবী নিয়োগ, আইনি পরামর্শ এবং মামলা পরিচালনায় সহায়তা পাচ্ছেন।

বক্তারা আরও উল্লেখ করেন, এই সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেলে সমাজে আইনের শাসন আরও শক্তিশালী হবে এবং বিচারপ্রাপ্তির সুযোগ হবে সবার জন্য সমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিভিল জজ মো. বায়জিদ রায়হান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *