টেকনাফে পুলিশ পরিচয়ে এক বৃদ্ধকে অপহরণের অভিযোগ

স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার ৯নং ওয়ার্ডের ঝর্ণা পাড়া এলাকায় পুলিশ পরিচয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে হোছেন আলী (৫০) নামে এক বৃদ্ধকে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা।

শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ১:৪০ মিনিটের দিকে সাইক্লোন সেন্টারের পাশের নিজ বাড়ি থেকে তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। অপহৃত হোছেন আলী স্থানীয় মৃত রহমান আলীর ছেলে।

অপহৃতের ভাই আবদুর রহমান জুয়েল জানান, গভীর রাতে কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাড়ির বাইরে থেকে ডাকাডাকি করে। পরে তার বড় ভাই হোছেন আলী ঘর থেকে বের হলে অস্ত্রের মুখে তাকে জোরপূর্বক তুলে নিয়ে পাহাড়ের দিকে নিয়ে যায় অপহরণকারীরা।

এ ঘটনায় নোয়াখালী পাড়া এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় লোকজন অপহৃত ব্যক্তির দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত (ওসি)র কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ আসেনি বা আনুষ্ঠানিকভাবে আমাদের জানানো হয়নি। তবে আমরা বিষয়টি খোঁজখবর নিচ্ছি এবং তাকে উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *