তরুণীর পেটে মিলল ৪ হাজার ১০০ ইয়াবা, এক্স-রে করে বের করল পুলিশ

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় বিশেষ কৌশলে পেটের ভেতর ইয়াবা বহন করে পাচারের প্রস্তুতিকালে শাকিলা খাতুন (২৩) নামে এক তরুণীকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে এক্স-রে করে তার পেটের ভেতর থেকে আরও ৬২টি প্যাকেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে তার কাছ থেকে ৪ হাজার ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন পানবাজার পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক। এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯-এর ডি/১ ব্লকে নুর কামালের শেডে অভিযান চালিয়ে শাকিলাকে আটক করা হয়।

আটক শাকিলা খাতুন ঢাকার গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ বাঘিয়া নীলনগর এলাকার সাইদুর ইসলাম ও হাওয়া বেগমের মেয়ে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। এ সময় ব্লকের মাঝি ও হেড মাঝিদের উপস্থিতিতে শাকিলাকে আটক করা হয়। তার কাছে থাকা পলিথিনে মোড়ানো ২০টি প্যাকেট তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিলা জানান, আরও কয়েকটি ইয়াবার প্যাকেট তিনি গিলে ফেলেছেন। এরপর তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্স-রে করার পর তার পেটের ভেতরে আরও প্যাকেট থাকার বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা।

চিকিৎসকদের সহায়তায় পরে তার পেট থেকে ৬২টি প্যাকেট বের করা হয়। আগে উদ্ধার করা ২০টি প্যাকেট এবং পেট থেকে বের করা ৬২টি প্যাকেট মিলিয়ে মোট ৮২টি পলিথিনের প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেটে মোট ৪ হাজার ১০০ পিস ইয়াবা ছিল বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধার করা ইয়াবা জব্দ করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। এ ঘটনায় পানবাজার পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১১০/২৬) করা হয়েছে।

পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি উখিয়া থানায় পাঠানো হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, এপিবিএনের পক্ষ থেকে বিষয়টি থানাকে জানানো হয়েছে। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ওই তরুণীকে থানায় হস্তান্তর করা হয়নি। হাসপাতালে চিকিৎসা শেষে তাকে থানায় সোপর্দ করা হলে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *