আমির হোসেন:
১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঝালকাঠি সংসদীয় আসনের প্রার্থী শেখ নেয়ামুল করিম ‘মানবিক ঝালকাঠি–নলছিটি’ গড়ার প্রত্যয়ে নলছিটিতে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁর নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।
শেখ নেয়ামুল করিম বলেন, “আমরা জাতির শাসক হতে আসিনি, জনগণের সেবক হতে এসেছি।” তিনি দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনের পাশাপাশি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রচারণাকালে তিনি হস্তশিল্পের উন্নয়ন, প্রশিক্ষণ ও উদ্যোক্তাদের সার্বিক সহায়তা, নদীভাঙন রোধ, রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে কৃষিখাতকে অগ্রাধিকার দিয়ে আধুনিক প্রযুক্তি, সার ও কীটনাশক সরবরাহ এবং উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার কথা জানান।
এ ছাড়া শিক্ষাবৃত্তি চালু, লাইব্রেরি স্থাপন, স্থানীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সবার জন্য হাসপাতাল ও কমিউনিটি স্বাস্থ্যসেবা শক্তিশালী করার অঙ্গীকার করেন তিনি।
নির্বাচনী প্রচারণায় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত থেকে মানবিক ঝালকাঠি–নলছিটি গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণে তিনি সকলের সহায়তা কামনা করেন।