দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় চট্টগ্রামে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

কামরুল ইসলাম:

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আটক ব্যক্তিরা হলেন—পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও অফিসের উমেদার রূপন দাশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রামের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।

দুদক সূত্রে জানা যায়, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও সাব-রেজিস্ট্রার সেগুলোর রেজিস্ট্রি আটকে রাখেন। পরে দলিল দুটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের পক্ষ থেকে ঘুষ দাবি করা হয় বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনজীবীর পক্ষ থেকে দুদকে অভিযোগ করা হলে বিষয়টি নিয়ে অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়।

অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার চট্টগ্রাম দুদকের একটি দল পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে অভিযান চালায়। এ সময় দুই লাখ টাকা ঘুষ নেওয়ার মুহূর্তে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে হাতেনাতে আটক করা হয়। দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *