মাসুদুর রহমান:
ঢাকার ধামরাইয়ে খড় শুকানোকে কেন্দ্র করে এক নারীর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (৭ জুন) দুপুরে উপজেলা চত্বরে এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুনের কাছে স্মারকলিপি প্রদান করেন। এতে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি—ফাঁসির দাবি জানানো হয়।
নিহত নারী লাইলী বেগম উপজেলার কুশুরা ইউনিয়নের বৈন্যা এলাকার মোঃ হালিমের স্ত্রী। পরিবারের অভিযোগ, গত ২৮ মে বিকেলে বাড়ির পাশে রাস্তার ধারে ধানের খড় রাখা নিয়ে প্রতিবেশী নাহিদা বেগমের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে দাবি স্বজনদের।
এরপর অভিযুক্ত নাহিদা বেগমের ছেলে শারমান ও তার সহযোগীরা ভুক্তভোগীর বাড়ি ঘেরাও করে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়। পরে রাত আনুমানিক ৮টার দিকে বাড়ির গেটের পাশে গেলে তাকে জোরপূর্বক তুলে নিয়ে অমানবিক নির্যাতন করা হয় বলেও দাবি পরিবারের।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মারা যান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।