নাইজেরিয়ায় চার গাড়ির সংঘর্ষে নিহত অন্তত ২০

আন্তর্জাতিক ডেস্ক:

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় প্লেটো রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় রাজ্যের একটি ব্যস্ত মহাসড়কে চারটি যানবাহনের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির ফেডারেল রোড সেফটি কমিশন (এফআরএসসি) জানিয়েছে, প্রাথমিক তদন্তে একটি যানবাহনের ব্রেক বিকল হয়ে যাওয়াকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। ব্রেক বিকলের পর নিয়ন্ত্রণ হারিয়ে যানটি পরপর আরও তিনটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুর্ঘটনাটি হাওয়ান কিবো-জোস সড়কে ঘটে। গুরুত্বপূর্ণ এই সড়কটি প্লেটো রাজ্যকে দেশটির রাজধানী আবুজার সঙ্গে যুক্ত করেছে।

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। পরে আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়।

নাইজেরিয়ায় প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। পরিবহন বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গতি, সড়কের জরাজীর্ণ অবস্থা এবং ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ না হওয়া দেশটির সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *