জ্যেষ্ঠ প্রতিবেদক:
রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারের হক বেকারির গলিতে একটি চারতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাত সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার নাজিরা বাজারের হক বেকারির গলিতে চারতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১২টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রাত ১টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
এ ঘটনায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।