নানা আয়োজনে নারায়ণগঞ্জে নিউজ টোয়েন্টিফোরের ১১ বছরে পদার্পণ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নানা আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে দেশের জনপ্রিয় ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘নিউজ টোয়েন্টিফোর’-এর ১১ বছরে পদার্পণ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে নারায়ণগঞ্জ শহরের প্রেসিডেন্ট রোডে নিউজ টোয়েন্টিফোরের জেলা কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। নিউজ টোয়েন্টিফোরের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শরীফ সুমনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মহিউদ্দিন মাহমুদ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক সরকার মজিব, বাংলাদেশ এক্স-ক্যাডেটস অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ফারুক আহাম্মদ রিপন, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মনির হোসেন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুন।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বসুন্ধরা শুভসংঘের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কেক কাটার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের জন্য বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশনের মাধ্যমে নিউজ টোয়েন্টিফোর এগিয়ে যাবে—এটাই সবার প্রত্যাশা। জনগণের কল্যাণে যেসব বিষয় গুরুত্বপূর্ণ, সেসব বিষয়ে গণমাধ্যম হিসেবে নিউজ টোয়েন্টিফোর সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন।

বক্তারা বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্যতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এমন কোনো সংবাদ প্রচার করা উচিত নয়, যার কারণে ব্যক্তি, সমাজ, দেশ বা সাধারণ মানুষের ক্ষতি হতে পারে। একই সঙ্গে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরে মানুষের কথা বলার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, একটি গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি হলো পাঠক ও দর্শকের আস্থা। সেই আস্থা ধরে রাখতে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে। দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি ইতিবাচক বাংলাদেশ গঠনে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নিউজ টোয়েন্টিফোরের ১১ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানান এবং চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।

পরে অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে কেক কেটে নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপস্থিত সবাই একে অপরকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতেও দেশের মানুষের কাছে সত্য, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *