মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ‘জলবায়ু সহনশীল ক্যাম্পাস উদ্যোগ’-এর আওতায় ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের যৌথ সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক এস এম ফয়েজ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাতসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক এস এম ফয়েজ উদ্দিন বলেন, “বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বিকল্প নেই। ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ (Climate Resilient Campus Initiative)-এর মাধ্যমে একদিকে যেমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল হিসেবে গড়ে তোলা হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসন যুবসমাজকে স্বাবলম্বী করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।”
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের কারিগরি সহযোগিতায় ২০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে সফল প্রশিক্ষণার্থীদের ফ্রিল্যান্সিং মার্কেটে ক্যারিয়ার গড়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।