নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন জনবান্ধব প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন চলমান ও বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের জনবান্ধব প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। অদ্য মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) তিনি সাংবাদিক, বিকেএমই প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে এসব উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান যাচাই করেন।

পরিদর্শনকালে প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন,
“নারায়ণগঞ্জকে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব নগরীতে রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। উন্নয়ন পরিকল্পনা শুধু কাগজে সীমাবদ্ধ থাকলে চলবে না, বাস্তবায়নের প্রতিটি ধাপে স্বচ্ছতা, মান ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জনগণের ট্যাক্সের টাকায় যে কাজ হচ্ছে, তার সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”

তিনি আরও বলেন,
“উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি মাঠপর্যায়ে কাজের অগ্রগতি তদারকি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিক ও নাগরিক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে প্রকল্প পরিদর্শনের উদ্দেশ্য হলো স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনগণের সরাসরি মতামত জানা।”

পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আজগর হোসেন,সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত সাংবাদিকরা উন্নয়ন প্রকল্পে কাজের মান, নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন এবং জনদুর্ভোগ কমিয়ে বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করেন। সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়, পরিকল্পিত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে নিয়মিত তদারকি ও গণমাধ্যমের নজরদারি অপরিহার্য।

অন্যদিকে নাগরিক প্রতিনিধিরা সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সেবা আরও সহজীকরণের দাবি তুলে ধরেন। তারা জনবান্ধব প্রশাসকের সরাসরি মাঠপর্যায়ে উপস্থিতিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, এতে উন্নয়ন কাজে জবাবদিহিতা বৃদ্ধি পাবে।

পরিদর্শন শেষে প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার নির্দেশ দেন এবং বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাস্ত করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *