নারায়ণগঞ্জে কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা সেমিনার ও স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ

মোহাম্মদ হোসেন হ্যাপী:

কিশোরীদের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, পুষ্টি ও শিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে “আজকের যত্ন, আগামীর সুস্থতা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘Climate Resilient Campus Initiative’-এর আওতায় জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়। সেমিনার শেষে কিশোরীদের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সেবা নিশ্চিত করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) নারায়ণগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এস এম ফয়েজ উদ্দিন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “আজকের কিশোরীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা আমাদের সামষ্টিক দায়িত্ব। মাসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে গ্রামীণ ও শহর অঞ্চলের কিশোরীদের মাঝে এখনও অনেক জড়তা রয়েছে, যা তাদের শিক্ষা ও আত্মবিশ্বাসে বাধা সৃষ্টি করে। শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপনের মাধ্যমে ছাত্রীদের স্বাস্থ্যঝুঁকি যেমন কমবে, তেমনি বিদ্যালয়ে তাদের নিয়মিত উপস্থিতি ও মর্যাদা নিশ্চিত হবে। আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে কিশোরীবান্ধব ও স্বাস্থ্যসম্মত হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।”

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিন বলেন, “জলবায়ু পরিবর্তনের নানা চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে এই ‘Climate Resilient Campus Initiative’ অত্যন্ত সময়োপযোগী একটি পদক্ষেপ। কিশোরীদের পুষ্টি, পরিচ্ছন্নতা ও সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে এই সেমিনারের আয়োজন। ভেন্ডিং মেশিনের মাধ্যমে ছাত্রীরা এখন খুব সহজেই জরুরি সময়ে স্যানিটারি প্যাড সংগ্রহ করতে পারবে। আমরা চাই কোনো কিশোরী যেন অসচেতনতা বা লোকলজ্জার কারণে তার শিক্ষা ও স্বাস্থ্য থেকে বঞ্চিত না হয়।”

সেমিনারে বক্তারা কিশোরীদের কৈশোরকালীন স্বাস্থ্যঝুঁকি, পুষ্টিকর খাদ্য গ্রহণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিদ্যালয়ের পরিবেশকে স্বাস্থ্যবান্ধব করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ সহকারী কমিশনার (ভূমি), এসিল্যান্ড, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের তারেক আজিজ, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেলসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *