নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

সূর্য আহমেদ মিঠুন:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বুধবার (৪ মার্চ ২০২৬ ইং) আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সকাল ৯টার কিছুক্ষণ আগে পরিদর্শনে গিয়ে তিনি দেখেন অফিস তালাবদ্ধ এবং দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা কর্মচারী উপস্থিত নেই, যা চরম অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে।

সরকারি অফিস সকাল ৯টায় খোলার নিয়ম থাকলেও কর্মকর্তারা উপস্থিত না হয়ে অফিস তালাবদ্ধ রেখেছিলেন। ফলে বাইরে সেবা প্রত্যাশী জনগণ সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছিলেন। এ ঘটনার প্রেক্ষিতে ভূমি সেক্টরে শৃঙ্খলা ফেরাতে মন্ত্রণালয়ের কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে এ ধরনের ঘটনাকে অত্যন্ত ‘অনাকাঙ্ক্ষিত’ বলে অভিহিত করেন।

প্রতিমন্ত্রী স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা রাষ্ট্রীয় অর্পিত দায়িত্বে অবহেলা করবেন এবং জনগণের সেবায় বিঘ্ন ঘটাবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি মনে করেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের এমন উদাসীনতা সরকারের জনসেবামূলক লক্ষ্যকে প্রশ্নবিদ্ধ করে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং এই সরকার সরাসরি জনগণের জন্য কাজ করতে দায়বদ্ধ। সরকারি দপ্তরে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা দায়িত্বহীনতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।

তিনি আরও বলেন, “জনগণের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোতে সময়ানুবর্তিতা নিশ্চিত করা বাধ্যতামূলক। বিশেষ করে ভূমি অফিসের মতো গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেটি নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।”

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিমন্ত্রীর এই ঝটিকা অভিযানের পর সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের অনুপস্থিত কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ব্যারিস্টার কায়সার কামালের এমন কঠোর অবস্থান অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাদের জন্যও একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

তিনি জানান, ভবিষ্যতে দেশের অন্যান্য প্রান্তেও এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে, যাতে সরকারি কর্মকর্তাদের মধ্যে কর্মনিষ্ঠা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। এ বিষয়ে ভূমি সেবা প্রত্যাশী জনগণ ভূমি প্রতিমন্ত্রীর এই হঠাৎ পরিদর্শন এবং ভূমি কর্মকর্তাদের জবাবদিহিতার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি ভূমি সেক্টরে ঘুষ ও দুর্নীতি বন্ধে নারায়ণগঞ্জের জনগণ ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে জোরালো দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *