নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)-এর নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা শাখা। দায়িত্ব গ্রহণের পর সংগঠনটির নেতৃবৃন্দ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ নগরীর স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম আরও সুশৃঙ্খল ও জনবান্ধব করার বিষয়ে আলোচনা করেন।

জেলা শাখার সভাপতি ডা. মুজিবুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. ফারুকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহাবুব রহমান, নেতা কবির হোসেন, মনিরুজ্জামান, আলিনুর শরীফ শামীম, রব শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে নবনিযুক্ত প্রশাসক নগরবাসীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নগরীর সার্বিক উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যখাতের মানোন্নয়নেও সিটি করপোরেশন প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দও নগরবাসীর কল্যাণে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *