নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক না করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এসকে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের মাদক পরীক্ষা বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে আইনজীবী ইসরাত জাহান অমি রিট আবেদনটি করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, কোনো মাদকাসক্ত ব্যক্তি যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন, সে জন্য নির্বাচনি বিধিমালা সংশোধন করে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা উচিত। সরকারি হাসপাতাল অথবা স্বীকৃত পরীক্ষাগারে এ পরীক্ষা করার বিধান রাখার কথাও বলা হয়েছে।

রিটকারীর পক্ষে শুনানিতে বলা হয়, বর্তমান নির্বাচনি আইন ও বিধিমালায় প্রার্থীদের মাদক পরীক্ষার বিষয়ে স্পষ্ট কোনো বাধ্যবাধকতা নেই। অথচ সরকারি চাকরিতে নিয়োগ এবং পুলিশ সদস্যদের ক্ষেত্রে ডোপ টেস্টের ব্যবস্থা রয়েছে।

আইনজীবীর বক্তব্য অনুযায়ী, সংসদ সদস্য কিংবা স্থানীয় সরকারের জনপ্রতিনিধি হিসেবে যারা জনগণের প্রতিনিধিত্ব করবেন, তাদের মাদকমুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করতে ডোপ টেস্টের বিধান থাকা প্রয়োজন।

হাইকোর্টের জারি করা রুলে সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। রুলের পরবর্তী শুনানিতে আদালত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *